কিডনির সমস্যা

সমস্যাঃ আমার বয়স ২৬ বছর। উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৫৭ কেজি। কয়েক মাস আগে থেকে আমার কোমরের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাই। তিনি আমাকে আলট্রাসনোগ্রাম ও এক্স-রে করাতে বলেন। পরীক্ষাগুলো করানোর পর দেখা গেল, আমার কিডনিতে লেফট রেনাল করটিক্যাল সিস্ট হয়েছে। তারপর চিকিৎসক আমাকে একটি ওষুধ এক মাস খেতে দেন। কিন্তু ওষুধগুলো খাওয়ার পরও কোনো কাজ হয়নি। এ রোগের জন্য আমার অপারেশন করানোর প্রয়োজন আছে, নাকি শুধু ওষুধ খেলেই এ রোগ থেকে মুক্তি পাব?
নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
বাগিচাগাঁও, চট্টগ্রাম।

পরামর্শঃ কিডনির সিস্ট হচ্ছে পানিভর্তি এক ধরনের ফোসকা। কিডনির সিস্ট সাধারণত এমনিতেই ভালো হয়ে যায়; কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তবে এ থেকে যদি কোনো জটিলতা দেখা দেয়, যেমন-ক্যান্সার ধরা পড়ে, তাহলে অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। এ ক্ষেত্রে ল্যাপারোস্কপি করা লাগতে পারে।

এ ছাড়া কিছু সিস্ট আছে, যেগুলো বেশিসংখ্যকভাবে দুটি কিডনিতেই হয়ে থাকে। এ ধরনের সিস্ট হলে কিডনির কার্যক্ষমতা অনেক কমে যায় এবং নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়।

একে বলে অ্যাডাল্ট পলিসিস্টিক ডিজিজেস অব দ্য কিডনি। এ রকম হলে অভিজ্ঞ নেফ্রোলজি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে হবে। অবশ্য এ ক্ষেত্রে সাধারণ পর্যবেক্ষণই যথেষ্ট। নেফ্রোলজি বিশেষজ্ঞও হয়তো তেমন দীর্ঘমেয়াদি কোনো চিকিৎসা দেবেন না। এ রোগে খুব অল্পসংখ্যক ক্ষেত্রে শল্যচিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। ৪০ বছর বয়সের পর থেকে ইউরোলজি বা নেফ্রোলজি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে হয়। তাই এখনই আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই।

————————-
বিশেষজ্ঞের চেম্বার থেকে
অধ্যাপক ডা. এম এ সালাম
অধ্যাপক, ইউরোঅনকোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
দৈনিক প্রথম আলো, ০৭ মে ২০০৮

Article Tags: -

Related Bangla Health Articles:


মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!